ঢেউ, পাহাড়, মেঠোপথ আর দিনকালের ক্ষুদ্র ভাঙাচোরা বাস্তব—এই কবিতাগুলি প্রেম, মৃত্যু ও সময়ের নিঃশব্দ অভিঘাতকে ধারণ করে। ব্যক্তিগত অনুভবের ভেতর দিয়ে তারা জীবনের ক্ষয়, অভ্যাস ও অনিবার্য বিচ্ছেদকে এক মরমি, সংযত অথচ গভীর ভাষায় প্রকাশ করে। ‘জেলার সাহিত্য’ প্রকল্পে এই মাসের নির্বাচিত জেলাগুলি হল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। আজ প্রকাশিত হল বাঁকুড়ার শক্তিশালী কবি কর্ণ কাপুরির কবিতা।
এতদিন পর
ক্রমশ ঢেউ আসে কাছে
দেখতে দেখতে পাহাড় হয়ে যায়।
এক হাঁটু টেথিসে দাঁড়িয়ে দেখেছি
শুশুনিয়া নাকছাবি হারাচ্ছে,
নিজের পাথরে পাথরে লিখছে নাম
প্রিয় আবহবিকার।
হাঁটু জমতে জমতে
এতদিন পর
আমি হিমালয় হয়ে গেছি।
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
প্রীতি ও মৃত্যু
নির্বিঘ্নে হেঁটে গেছে মেঠো পথ,
মাঝে মাঝে ক্লান্ত গাছ
ছায়া ফেলে দাঁড়ায়, তার নিচে
নিষ্পাপ একটা ভেড়ার ছানা
ঘুমিয়ে পড়ে ঘুম পেলে।
কসাইয়ের শানানো দাঁত
আর সর্বভুক আগুন
লকলকিয়ে ওঠে।
তার মাঝখানে করুণ যিশু
পিতা পিতা করতেই থাকে...।
মেঠো পথ হাঁটা বন্ধ করে।
পোড়া পোড়া ছায়া নিয়ে
তদন্ত না করেই পথ এগিয়ে যায়,
স্বাভাবিকের পথে...।
দিনকাল
রাঙানো প্রচ্ছদে
সাদা কালো জীবনের গল্প,
ফুলশয্যা-চিতাশয্যা
আর দু-একটা খুচরো কাগজের যাতায়াত।
একটা অপনীতি এপ্রিলের নিচে
নিয়মিত ভিক্ষা দিয়ে যায়।
সেখানে তুমি আর আমি
বেশ আছি; এখানে হারানোর স্বপ্ন নেই।
শুধু তোমার নাম ফিরে ফিরে আসে,
তোমাকে ডাকি...
হাতে উঠে আসে খুচরো গোটা কয়েক।
কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।