preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
তাহাদের কথা
কবিতা

তাহাদের কথা

এই কবিতাগুলোয় জীবন যেন একসঙ্গে ব্যঙ্গ, প্রতিবাদ ও গভীর মানবিক ক্লান্তির ভাষা হয়ে ওঠে। ‘তাহাদের কথা’-য় ব্যক্তিগত হতাশা যেমন অদ্ভুত রসিকতায় ভেঙে পড়ে, তেমনই ‘ইশারা’ কবিতায় গণতন্ত্রের মুখোশের আড়ালে ক্ষমতার নির্মম চেহারা উন্মোচিত হয়। আর ‘শ্যামল বেদে’ হয়ে ওঠে প্রান্তিক মানুষের স্বপ্ন, বিদ্রোহ ও অস্তিত্বসংগ্রামের এক মর্মস্পর্শী প্রতীক। এই কবিতাগুচ্ছ আমাদের সময়কে আয়নার মতো দেখায়—কখনও তীব্র, কখনও বিষণ্ণ, কখনও বিদ্রূপে দীপ্ত। ‘জেলার সাহিত্য’ প্রকল্পে এই মাসের নির্বাচিত জেলাগুলি হল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। আজ প্রকাশিত হল পুরুলিয়ার অন্যতম কবি রঞ্জন আচার্যের কবিতা।

তাহাদের কথা
পৃথিবীতে এসে
ভালোবেসে
তুমি কী পেয়েছ?
যদি কেউ সে-কথা জিজ্ঞেস করে কখনও 
নিরুত্তর হয়ে যাই
শিবনাথের মতন বামজঙ্ঘা তুলে
শরীরে জমে থাকা বায়ু বার করে দিই
খানিক ওজন হ্রাস হলে
মাথায় দু-হাত রেখে তবলা বাজাই…

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

ইশারা
পেছনে মালিক আছে
দেখা পাওয়া দুষ্কর
মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলির ঘর্ষণ 
ছোট্ট ইশারার ধ্বনি 
শোনা যায় না কিছুই
ছুটে চলে শিকারী কুকুর
টার্গেটের দিকে ছুটে গিয়ে
শিকার এনে মালিকের হাতে তুলে দেয়
এভাবেই এগিয়ে চলেছে
আমাদের গণতন্ত্র 
সকালে উঠেই যদি মনে হয় 
চড়থাপ্পড়ই যথেষ্ট 
অযথা রক্তারক্তি ভালো না
তবে তা-ই হবে
মনে হয় যদি পৃথিবীতে থাকার সময় শেষ
নিকেশ করেই ফিরে আসবে শিকারী কুকুরের দল
মালিকের মর্জিই এখন গণতন্ত্র 
বেঁচে যে আছি আমরা 
তার একটাই কারণ 
মালিকের ইশারার চোখ
আমার ওপর পড়েনি
তোমার ওপর পড়েনি
যার ওপর পড়েছে---
নিস্তার নেই তার
আজ হোক কাল হোক লাশ হয়ে ওঠা অনিবার্য 
এভাবেই এগিয়ে চলেছে গণতন্ত্র 
এগিয়ে চলেছে হৃষ্টপুষ্ট সরকার…

শ্যামল বেদে
একটা বয়সে এসে সকলেই জেনে যায় 
গতিপথ কোনোদিকে টেনে নিয়ে যাচ্ছে 
শ্যামলও জেনে গিয়েছিল নিশ্চয়ই
তাই সে তার স্বপ্নগুলোকে উড়িয়ে দিয়ে
বাবার বাঁক কাঁধে তুলে নিয়েছিল
বাঁকের একদিকে তাবিজ মাদুলি ও মাছ ধরার কাঁটা
অন্যদিকে সাপ
ঘটনাচক্রে শ্যামল বেদে হলেও
সে তার বাবা হয়ে উঠতে চায়নি
তাই নতুনত্ব এনেছিল তার পেশাতে
দু-মুখো সাপ রেখেছিল ঝাঁপিতে
যা ছিল দর্শকদের কাছে এক বিস্ময় 
ডানহাত মুঠো করে শ্যামল
এইসব দু-মুখো সাপেদের নাচাত
সে নাচ বড়োই অদ্ভুত!
শ্যামল দু-মুখো সাপেদের চিনত আপাদমস্তক
ছলেবলে কৌশলে মানুষকেও চিনিয়ে দিত ছড়া কেটে
শ্যামল ছিল যতটা না বেদে
তারও চেয়ে বেশি বিপ্লবী
জীবন বিপ্লবী...


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

লেখক

রঞ্জন আচার্য বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি। তীব্র, শ্লেষাত্মক ও সোজাসাপটা ভাষাভঙ্গিই পুরুলিয়া নিবাসী এই চিরযুবক কবির অস্ত্র। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য’ প্রকাশিত হয় ২০০২ সালে। এরপর ২০২৫ অব্দি তাঁর আরও দশটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে, যার মধ্যে ‘আত্মার ট্রিগার’, ‘সম্পর্ক’, ‘মৃতদেহরই হেসে ওঠার সময়’, ‘নিষিদ্ধ স্লোগান’, ‘শিস দিয়ে ডাকে’, ‘অনাস্থা প্রস্তাব’ ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর শেষ প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘প্রতিপদে পা রেখেছে চাঁদ’।

অন্যান্য লেখা