এই মাস থেকে কেতাব-ই ব্লগজিনে শুরু হল ‘জেলার সাহিত্য’ নামের এক বিশেষ আয়োজন। যার মূল উদ্দেশ্য পাঠককে বিভিন্ন জেলার নতুন ও পুরনো লেখকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং বিভিন্ন জেলার ভিন্ন স্বরকে একত্রিত করে বর্তমান বাংলা সাহিত্যের সামগ্রিক রূপনির্মাণ।
আমাদের প্রথম নির্বাচিত জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কোচবিহার। গোটা এপ্রিল মাস জুড়ে আমরা প্রকাশ করব এই পাঁচ জেলার সাহিত্য।
আজ প্রকাশিত হল দার্জিলিং জেলার কবি সোমা দাশ-এর কবিতা।
আমার ঘর
গত জন্মের বয়ে আনা বিষণ্ণতা
সঙ্গে নিয়ে আমি পথ হাঁটি।
পেছনে উলটো পথে ছোটে যত দৃশ্য পরিপাটি।
বিষণ্ণতা আমায় একা হতে দেয় না।
আমার সাথেই খায় ঘুমোয় হাসে কাঁদে গল্প করে ভালোবাসে,
রোদে কুয়াশায় তীব্র আবেশে আশ্লেষে।
আমার কাছে আর কাউকে ঘেঁষতে দেয় না।
বিষণ্ণতার সাথেই আমি ঘর করি।
আমিও তাকে কখনও একা হতে দিই না।
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
রাসায়নিক
বিশ্বাস কর,
আমার মস্তিষ্কের গভীরে অস্তিত্বের গহনে
সর্বক্ষণ একটা কোড রান করে চলেছে আজকাল,
ঘুমে বা নির্ঘুমে, চেতনে বা অবচেতনে
ডোপামিনের মাত্রাছাড়া ক্ষরণে।
অ্যামিগডালাকে ঘুম পাড়িয়ে
অক্সিটোসেনের নদীতে ডুব দিয়ে
দেখি তোরই প্রতিচ্ছবি,
যে ছবি কিছুটা তোর
কিছুটা করে নিয়েছি নির্মাণ নিজের মতন।
নিউরোনগুলোও ভ্যাবাচ্যাকা
কখনও হাসায় তোর একটু ইশারায়
কখনও-বা কাঁদায় একটু না দেখায়।
কী মায়াময় এই অবুঝ-কষ্ট সময়।
অমন করে না হেসে,
শুধু এটুকু বল,
‘আমি’ ভাইরাস কি একটুও কবজা করেনি
তোর প্রোগ্রাম, তোর সিস্টেম, তোর রসায়ন?
কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।
বিকাশ মণ্ডল
2 ঘন্টা আগেআমি আপনার কথকতার ধরনটি ধরতে পেরেছি; আমার ভালো লেগেছে।