preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
রোহিত ঘরামি-র কবিতা
কবিতা

রোহিত ঘরামি-র কবিতা

রোহিত ঘরামির কবিতাগুলিতে বেকারত্ব, দূরত্ব, প্রেম ও ক্ষমতার অন্ধকার একসঙ্গে ধরা পড়ে। জেগে থাকা রাত, হারানো ইমান, সারিবদ্ধ চটি আর ইস্তফার ক্ষুদ্র দৃশ্য মিলিয়ে গড়ে ওঠে আমাদের সময়ের নিঃশব্দ ক্ষয় ও অন্তর্লীন বেদনার মানচিত্র।

খোঁজ রাখে ছেলেটি
জেগে থাকাও কেমন ভাগাভাগি হয়ে গেল ক-বছরে।
গোটা পাড়া শীতঘুমে গুটিয়ে গেছে রাতে।
জেগে আছি আমি আর ওই ছেলেটি
যে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
সারাদিন সে ঘুমোবে কাল। ওর দিন,
ওর রাত, ওর ঘুম সব যুক্তরাষ্ট্রের, দেহ শুধু এখানকার।
মাঝে মাঝে ভাবি—
সে-ও কি আমায় নিয়ে ভাবছে?
আমার জেগে থাকা নিয়ে?
সে-ও কি বুঝতে পেরে গেছে,
আমার ঘুম নিয়ে তুমি চলে গেছ?
আমার দিন নিয়ে, আমার রাত নিয়ে।
বেকারত্বের এই রাতে, দেখা হলে ওর সাথে
ফিরে আসব মুখ লুকিয়ে।

হারানো ইমান
জানালা বিন্দু হয়ে আসে। কখন?
জানি না ঠিক। জানা হয়নি অসময়ে।
কাকচক্ষু আলোয় হারিয়ে গেছে—
হারিয়ে গেছে ইমান, অহংকার যাবতীয়।
বোতল বোতল গরিমা, অলক্ষে কাড়াকাড়ি 
দানব হতে চাওয়াই সত্য, পরম সত্য।
ঈশ্বর নয়, গল্প দিয়েছে ক্ষমতা।
গল্প‌ করেছে আজীবন নজরদারি—
কখন কার জানালায়
গোছানো হয়েছে আসন?
গোছানো হয়েছে যুদ্ধ,
শাণিত তরবারি?

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

এক জোড়া চটি
সারি সারি চটি থেকে, একটু দূরে
চটিজোড়া খুলে রাখত নেহা।
পাথর বসানো, মরা সবুজ রঙের ফিতে,
একবার চোখ বুলিয়ে নিত ছেলেটি,
একবার চোখে চোখ পড়েছিল শীতে।
এক শীত
দু শীত
তিন শীত
...
...
“এগিয়ে চলুন ভাই!”
ফর্মের লাইনে,
সারি সারি বেকার এগিয়ে গেলে,
নেহার সরিয়ে রাখা চটি জোড়া
মনে পড়ে গেল অমলের।

ইস্তফা
‘দাঁড়ালে পা ভেঙে যেতে পারে’—লেখা পাত,
হাইভোল্টেজ লাইন, ট্র্যাক…  ফেলে রেখে
মাঝে একটা খাল চলে যায় সরু
অল্প অল্প জল—আদিগঙ্গা।
সবুজ প্লাস্টিকের খেলনা, ছিঁড়ে ফেলা
লটারির টিকিট, গোল চকচকে... কয়েন?
পড়ে রয়েছে পলির মতো, পাহাড়ের মতো।
আর‌ও কিছু ধুলো, ছায়া, আর‌ও কিছু কী কী
যেন আছে পড়ে, জানি না।
আর, জানি না
ঠিক কী কুড়োতে ঝাঁপ দিয়েছিল শবরী।

রাখা গেল না?
এতটা চেষ্টা করার পরও
গুছিয়ে রাখা গেল না যখন
আর কিছুদিন আরেকটু
থাকা হল না যখন
সামান্য শীতের জামা
টাঙানো গেল না আবেগে
আমাদের প্রেমের দেবতা
বাবার মতো বেকার হয়ে গেল,
অবসরের অনেকটা আগে।


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

লেখক

জন্ম কলকাতার পেয়ারাবাগান বস্তি অঞ্চলে; বেড়ে ওঠা, অক্ষরজ্ঞান সেখানেই। পরিবারের প্রথম স্নাতক। ভাত জোটে চলচ্চিত্র-কর্মী রূপে; আদর জোটে গানবাজনা, থিয়েটার আর লেখালেখি করে। ‘জীবনটা পরীক্ষাগার’ এই ভাবনায় দীক্ষিত, তাই কোনো একটি বিষয়ে পড়ে থাকতে পারেন না। ফক্কা-পকেটের দিনগুলোয় প্রেমের বার্ষিকী উপহার দিতে গিয়ে গান লেখা শুরু; কবিতা, গল্প লেখালেখি আরও পরে। কর্মসূত্রে কয়েকটি চিত্রনাট্য লিখেছে। ‘এখনও পিউপা’ রোহিতের প্রথম বই।

অন্যান্য লেখা