preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
আশা
কবিতা

আশা

অভাব, আশাভঙ্গ, দাম্পত্যের মৃদু উষ্ণতা আর গ্রামজীবনের নীরব সংগ্রাম—এই কবিতাগুলি দৈনন্দিন জীবনের গভীর মানবিক সুরকে ধারণ করে। চাষার চোখ, ডিবরির আলো, খেসারির ডাল আর পূর্ণিমা সন্ধ্যা মিলিয়ে এখানে জীবন ক্লান্ত হলেও ভালোবাসা শেষপর্যন্ত টিকে থাকে। ‘জেলার সাহিত্য’ প্রকল্পে এই মাসের নির্বাচিত জেলাগুলি হল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। আজ প্রকাশিত হল পুরুলিয়ার শক্তিশালী কবি সুমিত পতির কবিতা।

আশা
হৃদয় থেকে হলুদ চুরি হয়ে গেলে বিবর্ণ হয়ে যায় মনোবেড়ি
কিসের বাঁধনে বলো সুখী গৃহকোণে বাঁধি সরল দাম্পত্য
নির্জলা মেঘে বিনা বাদলের মুজরা দেখতে দেখতে
শ্রাবণ শেষে ভাদর আসে, ক্ষয়ে যায় চাষার নির্ভার দৃষ্টি।

অযুত হৃদয়ের কান্না মিলে গেলে পর মেঘ জমে সুদূরে
চাতকের তৃষ্ণা তরবারি হয়ে বিদীর্ণ করে উত্তাল মেঘ
আশ্বিনের বিভায় বিভোর নরম হাত পুঁতে ফেলে ধানের গাছি
ডিবরির আলোয় এঁকে দিচ্ছে কেউ অস্পষ্ট সুখের ছবি।

অনন্ত আশার কলসখানি মজা ডোবায় ভেসে ভেসে যায়
অভাব নিয়েও গৃহের ভালোবাসা উপচে পড়ে পূর্ণিমা সন্ধ্যায়।

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

অলস দিনের গল্প
এক-একটা দিন আসে মাতৃগর্ভের নিষ্কলুস অন্ধকারের মতো কালো
উড়ে যায় উদাসী পাখিদের ডানার ঝাপটায় আগামীর স্বপ্নগুলো
বেবাক সংসারের হেঁসেলে নিপুণ নারীর হাত রাঁধে খেসারির ডাল
লালার জলে আটকে পড়া চুনোপুঁটি সংসারের আহ্লাদ হয়ে লাফায়।

তালপাতার নরম বাতাস, তেলচিটে বালিশে লেগে থাকা মানবীর ঘ্রাণ
ভুলিয়ে রাখে ক্ষুধার ইতিহাস, ভুলিয়ে রাখে শৌখিন কানপাসাটির স্বপ্ন
কেবলেই অলস হয়ে ওঠে ঘরের প্রতিটি কোনা, দরজা জানালা চৌকাঠ

বৃষ্টি ভুলে হতাশ চাষার উড়ানও হয় আকাশের দিকে চাতকের মতো
ঘরময় গন্ধ ওঠে ডাল সাঁতলানোর, খিদে বাড়ে, উড়ে যায় বিকেলের সারস।


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

লেখক

সুমিত পতির জন্ম ১২/০৩/১৯৮৮, পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রাম ছিরুডিতে। শূন্য দশক থেকে লেখালেখির সূচনা। প্রথম কাব্যগ্রন্থ ‘আলতি কুচু কুচু’ প্রকাশিত হয় ২০১৩ সালে। দীর্ঘ দু-দশক কবিতা যাপনের ফসল হিসেবে এখনও অব্দি মোট পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। পুরুলিয়ার লোকজ আবহ এবং অনির্দেশ্য প্রকৃতিই কবিতার ভার ও নির্ভার। কবিতায় আছি এই ভাবনাই তাঁর ভালো থাকার রসদ।

অন্যান্য লেখা