শিশিরভেজা গোধূলি, গ্রামফেরা নীরবতা আর এক সুগন্ধি বারান্দার অন্তরঙ্গ আশ্রয়ে গড়ে উঠেছে এই কবিতাগুলি। স্মৃতি, অপেক্ষা ও শান্ত সহাবস্থানের মৃদু সুরে তারা জীবনের সহজ সৌন্দর্যকে স্পর্শ করে—যেখানে আলো, গল্প আর মানুষের উপস্থিতিই হয়ে ওঠে কবিতা। ‘জেলার সাহিত্য’ প্রকল্পে এই মাসের নির্বাচিত জেলাগুলি হল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। আজ প্রকাশিত হল বীরভূমের শক্তিশালী কবি রামানুজ মুখোপাধ্যায়ের কবিতা।
গোধূলি
বিন্দু বিন্দু শিশিরের ঝরে পড়া দেখি।
এভাবেই একদিন
পরিচিত দৃশ্যগুলি সয়ে যায় ঠিক।
ছায়া-ছায়া গ্রাম থেকে ফিরে এসে কারা
মধ্যরাতে গল্পগাছা করে?
আমাদের বারান্দায় গ্রামীণ গল্পেরা
শুয়ে-বসে থাকে।
অনন্ত নীলিমা থেকে একতিল রং তুলে নিয়ে
তুমি কি আঁকবে তার ছবি?
গ্রামে গ্রামে হেমন্ত গোধূলি নেমে আসে।
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
বারান্দা
নিজের ভিতরে আমি গোপনে লালন করি
সুদৃশ্য বারান্দা
সেখানে মাধবীলতা সুগন্ধ ছড়ায়
এস, একদিন
বেতের চেয়ারে বসে গল্প করা যাবে
বিকেলবেলার রোদ জানাবে: স্বাগত
আলাপে গড়িয়ে যাবে অশান্ত গোধূলি…
কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।