ভাষা দিবসের কবিতা। লিখলেন এই সময়ের উল্লেখযোগ্য কবি সেলিম মল্লিক।
এমন একটা সূর্য, কয়েকটি তারা, সরু রেখার চাঁদ
যারা একেবারেই ছিল না কোথাও
অভূতপূর্ব সেই চাঁদসূর্যতারাদের নিয়ে আমরা
কথার পরে কথা বলে চলেছি।
ভাষার প্রতিভা আছে, এমনকি সে
আনকোরা স্বদেশ পর্যন্ত বানিয়ে দিতে পারে
যেখানে ফাল্গুনের তরুণ সূর্যের বুকে কোকিল ডাকে
হাওয়া বয় চাঁদে
তারার ফাঁকে ফাঁকে নীল পথ ধরে নৌকো চলাচল করে।
ভাষার প্রতিভা দেখো—অধিকন্তু দেখো মাতৃভাষায় চোখ-ভরতি জল
বুড়িগঙ্গার মতো এক নদীকে সাক্ষী রেখে, এস আমরা
সেই ভাষাতে রচনা করি আমাদের অসধর্ম বিবাহের গান
সন্তানেরাও একদিন গাইবে—স্বাধীন, স্বপ্নের মতো।
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।